স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে নির্মাণাধীন একটি স্লুইসগেটের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়ম না মানার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় নির্মাণকাজের মান যাচাই করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় স্লুইসগেটটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না। সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে পানির মধ্যে সিসি ঢালাই দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের ভাষ্য, প্রায় তিন ফুট ওপর থেকে পানির মধ্যে ঢালাই দেওয়ায় খোয়া সরে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, এভাবে কাজ করা হলে স্লুইসগেটটির স্থায়িত্ব ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভবিষ্যতে স্থানীয় কৃষকেরা দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারেন। এ কারণে নির্মাণকাজের মান নিরপেক্ষভাবে যাচাই এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, স্লুইসগেট নির্মাণে কোনো অনিয়ম করা হয়নি। স্থানীয়রা যে স্থানে অনিয়মের অভিযোগ তুলেছেন, সেখানে সিসি ঢালাই দেওয়া হয়নি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে প্রকল্পের বরাদ্দ, কাজের অগ্রগতি এবং স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে বিএডিসির ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।