কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সভা সফল করার লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল ১৩ নম্বর সেক্টর, নাগরী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রহিম সরকার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পলাশ, নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। বাংলার মানুষ তাঁকে দেখতে ও গ্রহণ করতে অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমানকে যে স্থানে সংবর্ধনা দেওয়া হবে, সেটি আমার সংসদীয় আসন এলাকার কাছাকাছি। জেলার প্রচুর মানুষ দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি সংবলিত ব্যানার তৈরি করা যাবে না। এখন থেকেই এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ফেরার খবর পৌঁছে দিতে হবে। আমার এলাকার শিশু ও বৃদ্ধ ছাড়া সবাই যেন সেই স্মরণকালের জনসমাগমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন—সেই অনুরোধ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *