কুড়িগ্রাম সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া পিস্তল-গুলি ও আইস উদ্ধার

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন রামখানা ইউনিয়নের রামখানা বিওপির পূর্ব রামখানা ও আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে বিশেষ টহল পরিচালনা করা হয়।

এ সময় পূর্ব রামখানা ও আশকোন নগর এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে ক্রিস্টাল মেথ আইসে নিম্নমানের মাদকদ্রব্য থাকে, আবার কিছু ক্ষেত্রে আসল ক্রিস্টাল মেথ আইসও থাকতে পারে।

ভবিষ্যতেও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *