কুবিতে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ১০ই মহররম উপলক্ষে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

​শুক্রবার (২৬ জুন) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালযয়ের আরবি প্রশিক্ষক হামেদ রেজা আল আজহারী মাদ্দাজিলহুল আলী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর আহমেদ। সেমিনারের সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুবি শাখার সভাপতি সাইদুর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি সাগর আহমেদ বলেন,’কারবালার ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা। আমাদের সকলের উচিত মহান আল্লাহ তায়লা নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। মুসলিম হিসেবে আমাদের অবশ্যই নামাজকে গুরুত্ব দিতে হবে।’

সেমিনারে প্রধান অতিথি হামেদ রেজা আল আজহারী মাদ্দাজিলহুল আলী বলেন, ‘পবিত্র কারবালার হৃদয়বিদারক ঘটনা শুধু মুসলিম উম্মাহর জন্য শোকের নয়, বরং সত্য, ন্যায় ও ত্যাগের এক অনন্য শিক্ষা।’

তিনি ১০ মহরম তথা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।’

এ সময় বিভিন্ন ঐতিহাসিক মাজার ভেঙে ফেলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেতন থাকতে হবে।’

নামাজের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি আরও বলেন, ‘নামাজ মানুষের নৈতিকতা, আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার অন্যতম মাধ্যম।’

সভাপতি সাইদুর রহমান বলেন, ‘গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবাই জানেন একটা মানবিক এবং ধর্মীয় সংগঠন। তো এই সংগঠনে যারা কাজ করে, মোটামুটি সবাই কোনো স্বার্থ নিয়ে এখানে আসে না। কারণ এখানে কারো কোনো আর্থিক স্বার্থ নাই, কারো কোনো কিছু স্বার্থ নাই। সবাই একটাই উদ্দেশ্য, হাক্কানি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে খুশি করা এবং মানুষ ও দ্বীনের খেদমত করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *