মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় কৃষ্ণসাগর জলাশয়ে শুরু হয়েছে জমজমাট বড়শি (মৎস্য শিকার) প্রতিযোগিতা। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উদ্বোধন করেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে শুরু হলেও মৎস্য শিকারিদের ভিড় ও উচ্ছ্বাসে শুরু থেকেই জমে ওঠে আয়োজন। প্রতিযোগিতাটি আজ বিকেল ৪টা থেকে শুরু হয়ে আগামীকাল ২৭ জুন বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।
উদ্বোধনী বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, “প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, নির্ধারিত সময় তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা চারটায় শুরু করছি।” তিনি মৎস্য শিকারিদের উদ্দেশে আয়োজক কমিটির নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মের বাইরে কেউ কিছু করতে পারবেন না।
তিনি আরও বলেন, “মৎস্য শিকার প্রতিযোগিতার মতো খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন যত বেশি হবে, এলাকা ততই মাদকমুক্ত হবে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের পাশাপাশি বিনোদনের জন্য যুগ যুগ ধরে চলে আসা মৎস্য শিকার প্রতিযোগিতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সামাজিক বন্ধন আরও মজবুত করে।” এই আয়োজনের জন্য সংগঠকদের আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি এবং মৎস্য শিকারিদের নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানান।
প্রতিযোগিতায় মাছ ধরার স্থান (মাচা) বণ্টন করা হয় লটারির মাধ্যমে। কায়সার আলম সেলিম নিজ হাতে বাক্স থেকে লটারি টানেন। প্রথম লটারিতে নাম ওঠে বরুড়ার কবির হোসেনের, যার মাচা নম্বর ০২। দ্বিতীয় লটারিতে নাম ওঠে তাজুল ইসলামের, যার মাচা নম্বর ১৩। তৃতীয় লটারিতে নাম ওঠে আবুল খায়েরের, যার মাচা নম্বর ০৮।
লটারির মাধ্যমে মাচা বণ্টনের এই স্বচ্ছ প্রক্রিয়া উপস্থিত মৎস্য শিকারিদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।