Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন - দৈনিক স্বাধীন সংবাদ

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন ও বিশেষ মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি সারাদেশে এ অভিযানের উদ্বোধন করেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার সম্মানিত সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভার্চুয়াল উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’ ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও কর্মস্থল পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শনিবার ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ হিসেবে পালনের অংশ হিসেবে কুমিল্লা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণেও বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সিভিল সার্জনের সরাসরি উপস্থিতিতে জেনারেল হাসপাতাল ও অফিস প্রাঙ্গণে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারসহ এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, কর্মস্থল ও আশপাশের পরিবেশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুমুক্ত কুমিল্লা গঠনে নিজ বাসভবন ও কর্মক্ষেত্রের আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করে মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। জনসচেতনতা ও সম্মিলিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *