কুমিল্লায় ৯৮ মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩ জন

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ৯৮টি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২২ মাদক ব্যবসায়ী ও ৭৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *