সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। অভিযানে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অপর্যাপ্ত জনবল এবং অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনার দায়ে তিনটি হাসপাতালকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মেডিকেল অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টর।
জরিমানা প্রাপ্ত হাসপাতাল ও অনিয়মের চিত্র:
বাণিজ্যিক শহর বান্দরবান জেলা সড়কে অবস্থিত কেরানীহাট মা ও শিশু হাসপাতাল: হালনাগাদ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট অনুপস্থিত থাকা, অপর্যাপ্ত নার্স এবং অপরিকল্পিতভাবে মেডিকেল বর্জ্য ফেলার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এলাইট হাসপাতাল: সঠিক নিয়মে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আল হায়াত হাসপাতাল: একইভাবে পরিবেশবান্ধব ও সঠিক নিয়মে মেডিকেল বর্জ্য না রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, “সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”