স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের প্রস্তুতির মধ্যেই ক্লাব মালিক হিসেবে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলদেন্সের মালিকানা নেওয়ার পর এবার ক্লাবটির জন্য নতুন ব্যবস্থাপনা দল গঠনের উদ্যোগ নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
মেসি এলদেন্সের মালিকানা গ্রহণের বিষয়টি ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। তবে চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ও এএফইর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেসি তাঁর আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে এলদেন্সের নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চান। এ ক্ষেত্রে পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোতের নাম আলোচনায় রয়েছে।
গার্সিয়া মন্তানেস ব্যাংকইন্টার, ডেলয়েট ও আন্দোরার একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। গত মে থেকে তিনি মেসির মালিকানাধীন আরেক স্প্যানিশ ক্লাব উনিয়ো এসপোর্তিভা কর্নেয়ারের ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত রয়েছেন।
অন্যদিকে আলফনসো নেবোত মেসির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য এবং ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ফ্যামিলি অফিসের নেতৃত্ব দিয়ে আসছেন। মেসির সম্পদ ও আর্থিক ব্যবস্থাপনায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এলদেন্সের কোচ হাভিয়ের কালেহাও জানিয়েছেন, নতুন মালিকপক্ষের সঙ্গে ক্লাবের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ফলে মালিকানা নেওয়ার পর ক্লাবটির ভবিষ্যৎ পরিচালনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে মেসি সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন বলে স্পষ্ট হচ্ছে।
এলদেন্সের মালিকানা মেসির স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় বিনিয়োগ। এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি তৃতীয় স্তরের ক্লাব উনিয়ো এসপোর্তিভা কর্নেয়ারের মালিকানা নেন।