খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক:

দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ১৫ মে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘১ম প্যারা স্পোর্টস কার্নিভ্যাল ২০২৬’।

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভ্যালে সারা দেশ থেকে ৫ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।” প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ সবকিছু তিনি খেলোয়াড় ও সংগঠকদের কল্যাণে উজাড় করে দিতে চান। দেশের ক্রীড়াবিদ ও সংগঠকেরা ভালো থাকলে সরকার ও দেশ ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের যাবতীয় অসঙ্গতি ও বিশৃঙ্খলা দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি, বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার এবং প্রথম বাংলাদেশ প্যারা গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুল ইসলাম।

জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করাই এই কার্নিভ্যালের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *