খসরু মৃধা:
গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সহকারী পুলিশ সুপার (প্রবেশন) সোয়েব মুহাম্মাদ, সহকারী পুলিশ সুপার (প্রবেশন) ফয়েজ আহমেদ মিরু, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, জনগণের মতামত গ্রহণ এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, অপরাধ প্রতিরোধ এবং জনসেবার মান উন্নয়নে উপস্থিত অতিথিরা মতামত প্রদান করেন।
পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের ‘ওপেন হাউস ডে’ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।