গুজব-উসকানিতে সতর্ক থাকতে পূজা পরিষদকে এসপি মাসুদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার করা যাবে না। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। কেউ গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সে বিষয়েও পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় নারী ভক্তদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তাদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার কথা বলা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি আশপাশের মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, কোনো ছোটখাটো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। কোনো ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্যও অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *