আমির হোসেন:
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ও কুশঙ্গল ইউনিয়নের মানুষের কাছে সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্থানীয়রা সড়ক নির্মাণ, সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ও সন্ধ্যা ৭টায় কুশঙ্গল ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ও এলজিইডির আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ তাদের এলাকার সমস্যাগুলো সরাসরি তুলে ধরেন। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
স্থানীয়রা বলেন, “এ ধরনের কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। সাধারণ মানুষের কাছে এসে তাদের সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ আগে দেখিনি। তিনি নিজে এসে আমাদের এলাকার সমস্যার কথা শুনেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো লাগার বিষয়।”
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি আনিচুর রহমান হেলাল, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি এড. আককাস সিকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা সালু, সরদার এনামুল হক এলিন, নলছিটি বিএনপি সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলী হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান আলমগীরসহ আরও অনেকে।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন সমস্যা নোট করেন। সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত বিষয় দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।