আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন। গত রোববার এ দুর্ঘটনা ঘটে।
গ্রিক সংবাদমাধ্যম ‘টু ভিমা’ জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর গ্রিসের কোস্টগার্ড বাহিনী ৫১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
নিখোঁজদের উদ্ধারে গ্রিসের কোস্টগার্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স যৌথভাবে অভিযান পরিচালনা করছে। চারটি নৌযান, একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, তা গ্রিক কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
গ্রিক সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সোমবার থেকে অভিযান শুরু হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গ্রিসে অভিবাসনসংক্রান্ত আইন বেশ কঠোর। নথিবিহীন কোনো বিদেশি দেশটির ভূখণ্ডে প্রবেশ করলে দীর্ঘমেয়াদি প্রশাসনিক আটক, শাস্তি এবং দ্রুত বহিষ্কার প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি