নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আনসার সদস্য মো. নিজাম উদ্দিন। তাঁর তাৎক্ষণিক তৎপরতায় ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সৌদি রিয়ালের বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিম হেভি লাগেজের গেটে প্রবেশের সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য মো. নিজাম উদ্দিনের। এ সময় বিষয়টি এড়িয়ে যেতে নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন ওই যাত্রী।
তবে ঘুষের প্রস্তাবে সাড়া না দিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান আনসার সদস্য নিজাম উদ্দিন।
খবর পেয়ে ওমর ফারুক ঘটনাস্থলে যান। পরে মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর মালামাল তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রীর মালামাল থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরে শিফট ইনচার্জ আটক যাত্রী মোহাম্মদ হালিম ও উদ্ধার করা সৌদি রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আটক মোহাম্মদ হালিম কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জজ মিয়া।
বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনের সময় ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর ঘটনায় আনসার সদস্য মো. নিজাম উদ্দিনের প্রশংসা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁর এ পদক্ষেপকে দায়িত্বশীলতা, সততা ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।