ঘোষণার চেয়ে ৬০% বেশি পোশাক! ‘এস.বি. ট্রেডার্স’-এর চালানে মিলল চাঞ্চল্যকর অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: আমদানি ঘোষণাপত্রে উল্লেখিত পরিমাণের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি পোশাক এনে শুল্ক-কর ফাঁকির অপচেষ্টার অভিযোগে এম/এস এস.বি. ট্রেডার্স-এর একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংস্থাটির দাবি, এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আদায়যোগ্য রয়েছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সদর দপ্তরের একটি বিশেষ দল এস.বি. ট্রেডার্স-এর আমদানি করা চালানে অভিযান চালায়। খালাসের আগে চালানটি কায়িক পরীক্ষা করে ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

তদন্তে দেখা যায়, গত ৩০ জুলাই বিল অব এন্ট্রি নম্বর সি-৭৬৫৪৮৫-এর মাধ্যমে আমদানি করা চালানে ২ হাজার ৬৯৯ পিস পোশাক ঘোষণা করা হলেও বাস্তবে পাওয়া যায় ৪ হাজার ৩১৯ পিস। অর্থাৎ ঘোষণার তুলনায় অতিরিক্ত ১ হাজার ৬২০ পিস পোশাক, যা প্রায় ৬০ দশমিক ২ শতাংশ বেশি।

এছাড়া বিভিন্ন ধরনের লেহেঙ্গা, শাড়ি, শেরওয়ানি, গার্লস ওয়্যার সেট ও টি-শার্টের সংখ্যাতেও বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

সিআইআইডির হিসাব অনুযায়ী, এ অনিয়মের মাধ্যমে প্রায় ৩১ লাখ ৭১ হাজার টাকা শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে। জরিমানাসহ মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা হতে পারে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে ঢাকা কাস্টম হাউসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *