নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় বাসার সাততলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের ৪৯/২ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আলীফের বাবা মোহাম্মদ কবির জানান, দুপুর ২টার দিকে বাসার সাততলার ছাদে খেলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে নিচে পড়ে গুরুতর আহত হয় আলীফ। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর আলীফকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে আলীফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।