মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় কেন্দ্রশিক্ষকদের জন্য দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর। কর্মশালাটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার মাওলানা মো. আমির হোসেন।
দুই দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাদানের মানোন্নয়নের লক্ষ্যে মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা, পাঠদান পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা, শ্রেণি ব্যবস্থাপনা এবং আধুনিক শিক্ষণ কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ এহসানুল হক (নঈমী), অধ্যক্ষ, পালাকাটা আলিম মাদ্রাসা; ডা. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চকরিয়া; মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; এ.এস.এম. মনির উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; মোহাম্মদ শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক, চিরিংগা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়; মাওলানা মো. আমানুল্লাহ, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এবং মোহাম্মদ ফজল করিম, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বলেন, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজকে আরও আলোকিত করবেন।”
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর কেন্দ্রশিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কেন্দ্রশিক্ষকরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কেন্দ্রে কাজে লাগিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।