মোঃ মুজাহিদুল ইসলাম:
জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিসিএসআইআর কর্মচারী কল্যাণ পরিষদ (ইউনিয়ন), চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম গবেষণাগারের সকল কর্মচারীদের নিয়ে ১লা ফেব্রুয়ারি হতে ৩রা ফেব্রুয়ারি ২০২৬ প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
অদ্য ৫ই ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই দাবিতে গবেষণাগারে পঞ্চম দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
অদ্য ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন: ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ আছাদুর রহমান জুয়েল, বিসিএসআইআর কর্মচারী ইউনিয়নের সভাপতি তসলিমা আক্তার, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, সোয়েব উল্ল্যা, টিকলু তালুকদার, বুলবুল বিন সহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, সুলতান মাহমুদ সুজন, গোলাম রব্বানী, ইসরাত জাহান, মোঃ আমিনুর রহমান, খয়বর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুততম সময়ে বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য গেজেট জারি করতে হবে। সরকারি কর্মচারীদের যে বেতন প্রদান করা হয়, তা দিয়ে সংসার খরচসহ উচ্চমূল্যের বাজারে জীবনযাপন করা অতীব কষ্টকর। একজন কর্মচারী ৮,২৫০/- টাকা বেতনে ন্যূনতম ৬ জন সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে চলতে পারে না। দীর্ঘ ১১ বছরেও কোন পে-স্কেল প্রদান করা হয়নি।
বর্তমান অন্তবর্তী সরকার পে-স্কেল প্রদানের জন্য পে-কমিশন গঠন করেছে। কমিশন ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে তাদের রিপোর্ট সরকার প্রধানের নিকট দাখিল করেছেন। কমিশনের রিপোর্ট পাওয়ার পরও সরকারের উপদেষ্টাবৃন্দ একেকজন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য প্রদান করে আসছেন। তাদের বক্তব্যে কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। অর্থ উপদেষ্টা পে-কমিশনের রিপোর্ট মোতাবেক নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না করে কমিটি করে দেয়ার নামে সময়ক্ষেপণ করছেন এবং জ্বালানী উপদেষ্টা তাঁর দায়িত্বে না থাকা সত্ত্বেও পে-স্কেল বাস্তবায়ন সম্পর্কিত হতাশাজনক মন্তব্য প্রদান করেছেন।
বক্তারা আরও বলেন, পে-স্কেল গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরো তীব্রতর হবে। কর্মচারীরা রাজপথ থেকে ফিরে যাবেন না। ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং জ্বালানী উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচী চলবে। মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়কে কর্মচারীদের দুর্দশা ও দাবির বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সদয় মর্জি কামনা করা হয়।
মহান আল্লাহ সহায় হোক।