চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২৮

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২১ হাজার ৫৩৬ পিস ইয়াবা, ২৫৭ কেজি ৩৫ গ্রাম গাঁজা ও ২০০ লিটার মদ।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৭১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, পরোয়ানামূলে ১২৩ জন এবং সাজা পরোয়ানামূলে চারজন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জনকে মাদক ব্যবসায়ী এবং ৬০ জনকে মাদক সেবনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আরও জানান, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে মোট ২০ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *