Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চন্দনাইশে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক - দৈনিক স্বাধীন সংবাদ

চন্দনাইশে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

আব্দুল আজিজ:

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রুনা আক্তারের সঙ্গে তার স্বামী জাকির হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে রুনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *