নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫৩ হাজার ৫১৮ জন। একই সময়ে বিভিন্ন মামলা ও অন্যান্য অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ সদরদপ্তর জানায়, বিশেষ অভিযান ও অন্যান্য অভিযানে এ সময়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
বিপুল পরিমাণ মাদক উদ্ধার
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এর বাইরে আরও বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মোট ২৩ হাজার ২২১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪ হাজার ৪৩ জনকে। পুলিশ জানিয়েছে, দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।