Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন আইভী - দৈনিক স্বাধীন সংবাদ

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন আইভী

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আইভী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন তিনি।

হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে আইভী বলেন, “আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছে। তারাই দেখবে।”

এদিকে, মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তাঁর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি হাজিরা দিয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেবেন—এই মর্মে আমরা বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আজ আদালত এই আবেদন মঞ্জুর করেছেন।

মামলা ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, যখন সাক্ষ্য শুরু হবে এবং বিচারকাজ হবে, তখন তাঁকে আদালতে আসতে হবে। যতদিন চার্জশিট না হয়, আসামির পক্ষে আইনজীবীর হাজিরা চলবে। আইভী সর্বত্রই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার এটা প্রমাণ করেছেন।

তিনি আরও জানান, শুধু এই মামলাটিতেই আদালতে আইভীর আইনজীবী তাঁর পক্ষে হাজিরা দেবেন—আদালত এ বিষয়ে অনুমতি দিয়েছে। বাকি মামলাগুলোতে এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। রাতভর আইভীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা চলে। পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশকে বাধা দেন ও গাড়িবহরে হামলা চালান। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আইভীকেও আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *