মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ নগরীর সেবাসমূহে জলবায়ু-সহনশীলতা ও টেকসই উন্নয়ন জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন (Practical Action) বাংলাদেশের মধ্যে অদ্য ২৬ জানুয়ারি, ২০২৬ তারিখে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহর উপস্থিতিতে উক্ত চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলম। প্র্যাকটিক্যাল অ্যাকশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম এবং আইন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান।
এই সমঝোতা স্মারকের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার ও পুনঃচক্রায়ন (Recycling), পানি সরবরাহ ও স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান (Nature-based Solutions) বিষয়ে যৌথভাবে কারিগরি সহযোগিতা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করা হবে।
এছাড়াও জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে যৌথ প্রকল্প প্রণয়ন ও অর্থায়ন সংগ্রহে উভয় পক্ষ একযোগে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের নাগরিক সেবাসমূহ আরও কার্যকর, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল হয়ে উঠবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কারিগরি অভিজ্ঞতা ও স্থানীয় সরকারের বাস্তবায়ন সক্ষমতার সমন্বয়ে নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।