মোহাম্মদ হোসেন হ্যাপী:
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ায় যাচ্ছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল। আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে তাঁরা বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, পরিবেশবান্ধব ও টেকসই নগর পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
তুরস্কে যাত্রার আগে এক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন হিসেবে তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাঁরা নিয়মিত কাজ করছেন। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলে ধরবেন তাঁরা।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের আধুনিক ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করার চেষ্টা করবেন।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর জন্য আধুনিক প্রকৌশলবিদ্যা ও পরিবেশবান্ধব অবকাঠামোসংক্রান্ত কারিগরি অধিবেশনে তাঁরা অংশ নেবেন।
তিনি আশা প্রকাশ করেন, বিশ্বমঞ্চের এ অভিজ্ঞতা নারায়ণগঞ্জ সদর উপজেলার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী প্রযুক্তি যুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাওয়া এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পরিবেশবিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে দেশে ফিরে স্থানীয় পর্যায়ে পরিবেশ ও অবকাঠামোগত টেকসই উন্নয়নে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা করছেন প্রতিনিধিদলের সদস্যরা।