অনলাইন ডেস্ক:
জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রমজান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা।
এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।