বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব এই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তার সাজ ও পোশাক নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ ও মায়াবী অভিব্যক্তি—সব মিলিয়ে তার পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য।
ছবি প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’
পূর্ণিমার এই সাজের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘরও। এক ভক্ত লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’
প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী।