স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর আচরণগত অভিযোগ তুলেছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার জ্যোতির আচরণকে ‘স্বৈরাচারী’ বলেও মন্তব্য করেছেন।
ওই ক্রিকেটার বলেন, ‘সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।’
আরেক ক্রিকেটার অভিযোগ করেছেন, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ওই ক্রিকেটারের ভাষ্য, এক ম্যাচে বল তার কাছে আসার আগেই জ্যোতি চিৎকার শুরু করেন। এতে ঘাবড়ে গিয়ে তিনি বল মিস করেন। এরপর অধিনায়ক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি। মাঠের বাইরেও জ্যোতির আচরণে মানসিকভাবে নিপীড়িত হওয়ার অভিযোগ তুলে ওই ক্রিকেটার বলেন, তিনি মাঝেমধ্যে আল্লাহর কাছে বিচার দেন।
এসব অভিযোগের মধ্যেই সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আর থাকতে চান না বলে বিসিবিকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন জ্যোতি।
পরবর্তী অধিনায়ক এবং কোচিং প্যানেল নিয়ে আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ওই বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সফরের আগে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই বৈঠক দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর থাকবে নারী ক্রিকেট বিভাগের।