টঙ্কাবতী খালে আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করলেন শাহজাহান চৌধুরী এমপি

আব্দুল আজিজ-আল মাক্কী:

সাতকানিয়া-লোহাগাড়ার সীমান্তবর্তী মধ্যরূপকানিয়া এলাকায় টঙ্কাবতী খালের ওপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের সমস্যা সমাধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টঙ্কাবতী খালের ওপর এই ব্রিজ নির্মাণের ফলে দুই পাড়ের মানুষের চলাচল আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতেও এলাকাবাসী উপকৃত হবেন।

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় সাতকানিয়া-লোহাগাড়ায় বর্তমানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে সাতকানিয়া-লোহাগাড়ায় আরও ব্যাপক উন্নয়ন হবে।

শাহজাহান চৌধুরী আরও বলেন, উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত এলাকার মানুষও পায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষের প্রয়োজন ও দীর্ঘদিনের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হক, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাতকানিয়া সদর ইউনিয়ন আমীর রিদওয়ানুল কারীম, সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, তামাকুমন্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক সাদেক হোসেন, ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী, জামায়াত নেতা হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *