টঙ্গীর ৪৫ নম্বর ওয়ার্ডে গ্যাস সংকট নিরসনে মতবিনিময় সভা

মোঃ মেহেদী হাসান সোহাগ:

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুর নদীরপাড় (তুরাগ বাজার) এলাকায় দীর্ঘদিনের তিতাস গ্যাস সংকট নিরসনে গ্যাস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম। সভায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি, গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের বিষয়গুলো তুলে ধরা হয় এবং তাৎক্ষণিক সমাধানের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মেজবাউর রহমান, বিএনপি নেতা ও ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী ফয়েজুর রহমান ফয়েজ, জাতীয় সাপ্তাহিক ‘মুক্তির চেতনায় বাংলাদেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সরোয়ার জাহান মেঘলা, হাজী কুদরত উল্লাহ মুন্সি, বিএনপি নেতা মোঃ নুর আলম, বিশিষ্ট সংগীতশিল্পী দীপংকর গৌতম দ্বীজেন, সাংবাদিক মোঃ ফারুক হোসেন, সাংবাদিক মোঃ মেহেদী হাসান সোহাগসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, “৪৫ নম্বর ওয়ার্ডের মানুষ চরম অবহেলার মধ্যে বসবাস করছে। প্রতিটি বাড়িতে গ্যাসের লাইন ও চুলা থাকলেও গ্যাস নেই। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে মানুষ রান্না করতে পারে না—এ যেন দেখার কেউ নেই।”

তিনি আরও বলেন, “আমরা বিলাসিতা চাই না, শুধু চাই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। যেন পরিবার নিয়ে অন্তত স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি।”

এ বিষয়ে বিএনপি নেতা কাজী ফয়েজুর রহমান ফয়েজ বলেন, “আমাদের একটাই দাবি—সঠিক সময়ে সঠিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক এই সেবায় কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না।”

সভায় উপস্থিত তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মেজবাউর রহমান এলাকাবাসীর অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “গ্যাস না থাকার প্রকৃত কারণ কী, তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—ইনশাআল্লাহ।”

সভা শেষে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের স্থায়ী সমাধান হবে। একই সঙ্গে তারা নিয়মিত তদারকি ও জবাবদিহিতার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *