ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশের ভিন্ন কৌশল শ্রমিকদের আটকে দেওয়া হচ্ছে কাঠেরপুলে

মোহাম্মদ হোসেন হ্যাপী:

টানা দুই দিন সড়ক অবরোধ ও ব্যাপক সংঘর্ষের পর তৃতীয় দিনেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সড়ক অবরোধ ঠেকাতে ভিন্ন কৌশল গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের নতুন এই কৌশলের অংশ হিসেবে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের প্রধান সড়কে জমায়েত হতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই ওই এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে, শ্রমিকেরা যাতে দলবদ্ধ হয়ে কাঠেরপুল এলাকা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রবেশ করতে না পারেন, সে জন্য তাঁদের ওই এলাকার ভেতরেই আটকে রাখার চেষ্টা করছে পুলিশ।

আজ সকালে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা কাজ ফেলে বাইরে বেরিয়ে এসে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাউকে জড়ো হতে দিচ্ছে না। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কঠোর অবস্থানের ফলে দুপুর পর্যন্ত লিংক রোডে যান চলাচল স্বাভাবিক ছিল। পাশাপাশি শিবু মার্কেট, জালকুড়ি ও স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *