ঢাকা–বাইপাস মহাসড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক ৪

খসরু মৃধা:

গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা–বাইপাস মহাসড়কের মেঘডুবি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) ভোররাতে মেঘডুবি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শুভ (২২), মো. আকাশ (২৩), মো. রাকিব (২০) ও মো. নয়ন (১৯)। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৫–৬ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মো. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত ডিউটির অংশ হিসেবে এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ব্যক্তি মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছে। তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মেঘডুবি মার্কেট এলাকায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু এবং দুটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাকু রয়েছে বলে জানায় পুলিশ।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *