স্বাধীন সংবাদ বিনোদন:
ঢালিউড অভিনেত্রী তমা মির্জা গত বছর সিনেমা থেকে কিছুটা দূরে ছিলেন। ২০২৫ সালে প্রেক্ষাগৃহে তার মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে সেই একটিতেই দর্শক ও সমালোচকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। এর আগে ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তমা। তবে সেই সময়ে তিনি মূলত গতানুগতিক নায়িকা চরিত্রে সীমাবদ্ধ ছিলেন।
তার পরবর্তীতে রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে দর্শকদের সামনে হাজির করেন তমা। এরপর ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ এবং শিহাব শাহীনের ‘দাগি’—সব কটিতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন বছরে আবারও ব্যস্ত হয়ে উঠছেন তমা মির্জা। এবার তিনি দুটি নতুন সিনেমায় কাজ করছেন। নতুন পরিচালক, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং নতুন সহশিল্পীর সঙ্গে কাজের মাধ্যমে তমা নিজের পরিসর আরও প্রসারিত করতে যাচ্ছেন।
এর মধ্যে একটি সিনেমা হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জলযুদ্ধ’। এতে তমার বিপরীতে অভিনয় করবেন চিরপরিচিত অভিনেতা মোশাররফ করিম। অন্যটির পরিচালক হচ্ছেন হাসান মোরশেদ। তবে সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি। পরিচালক সূত্রে জানা গেছে, তমা মির্জা একটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, আর অন্যটির সঙ্গে মৌখিক কথাবার্তা প্রায় চূড়ান্ত। নতুন সিনেমায় তার বিপরীতে থাকছেন শরীফুল রাজ। হাসান মোরশেদের সিনেমার শুটিং চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও, তমা ও রাজের অংশের শুটিং কিছু সময় পরে হবে। অন্যদিকে দোদুল ‘জলযুদ্ধ’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন, শিল্পী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন, “দুটি সিনেমার গল্পই দুর্দান্ত। এরকম গল্প ও পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনেতা যুক্ত হতে চাইবে। তবে আপাতত বেশি কিছু বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালে সবাই জানতে পারবেন।”
অন্যদিকে তমা সম্প্রতি ওপার বাংলার নির্মাতা অঞ্জন দত্তের ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজের শুটিং করেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতায় ৯ দিন টানা শুটিং হয়েছে। তিনি বলেন, “কলকাতার কোনো পরিচালকের সঙ্গে আগে কাজ করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ। অঞ্জন দত্ত যেমন দারুণ পরিচালক, তেমনই অসাধারণ মানুষ। শুটিং টিম খুব গোছানো, সবাই জানে কে কী করবে। অনেক কিছু শিখেছি।”
নতুন বছরের দুটি সিনেমার মাধ্যমে আবারও ঢালিউডে ফিরছেন তমা মির্জা। তার ভক্ত ও দর্শকরা এবার তার অভিনয়কে আরও নতুন ধারায় উপভোগ করতে পারবেন।