তরিকত ফেডারেশনের কুমিল্লা সদস্য সচিবের নেতৃত্বে বিএনপিতে হাজারো নেতাকর্মীর যোগদান

মোঃ আনজার শাহ:

বাংলাদেশ তরিকত ফেডারেশনের কুমিল্লা জেলার সদস্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লার বরুড়া আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের হাতে ফুল দিয়ে তাঁরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের আমন্ত্রণে প্রথমে তিনি তাঁর বাসভবনে যান। সেখানে দীর্ঘ সময় আলোচনা শেষে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বরুড়ার প্রয়াত সংসদ সদস্য এ.কে.এম. আবু তাহেরের সঙ্গে ২০০৩ সালে তাঁর সাক্ষাতের স্মৃতি আজও মনে আছে। ভঙ্গুর অবস্থায় থাকা বরুড়াকে যিনি সুসংগঠিত করার কাজ শুরু করেছিলেন, জাকারিয়া তাহের সুমন তাঁরই যোগ্য উত্তরসূরি। মন্ত্রীর কর্মকাণ্ড, আচার-আচরণ ও সততা তাঁদের আকৃষ্ট করেছে।

আবুল কালাম আজাদ দাবি করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুমিল্লার তরিকতপন্থীরা ধানের শীষের পক্ষে কাজ করেছেন। বরুড়ার প্রতিটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিজয় নিশ্চিত করতে তাঁরা ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু বরুড়া উপজেলাতেই তরিকত অনুসারীদের প্রায় লক্ষাধিক ভোট রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা রয়েছে।

যোগদান অনুষ্ঠানে জাকারিয়া তাহের সুমন বলেন, ভিন্নমতের রাজনীতিতে থাকলেও সমাজে যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন ভালো মানুষদের বিএনপিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের জন্য কাজ করার সুযোগ ও সম্মান নতুন যোগদানকারীরা দলে পাবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

যোগদানকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতাদের সম্মান ও নেতৃত্বকে সামনে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। নতুন যোগদানকারীরা কোথাও অসম্মানিত হলে সেটিকে নিজের অসম্মান হিসেবে দেখবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দলের কোনো নেতাকর্মীর কাছ থেকে অন্যায় বা অসৌজন্যমূলক আচরণের শিকার হলে বিষয়টি দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতাদের জানাতে হবে।

উল্লেখ্য, মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর বরুড়া উপজেলা শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *