নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।
দলীয় সূত্র জানায়, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যে যান। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীরা প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করছেন।