তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, জোরারগঞ্জ থানায় খুনি গ্রেপ্তার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামের ভোলা মেম্বারদের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

সর্বশেষ (০১ নভেম্বর) রোজ শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহাদাতের মেয়ে, শিশুশ্রেণীর ছাত্রী সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে আলী হোসেনের ছেলে, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রনি বালি ঢুকিয়ে দেয়। এ নিয়ে তাৎক্ষণিকভাবে সাবিহার মা আলী হোসেনের ঘরে গিয়ে অভিযোগ করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে গাছের গুঁড়ি দিয়ে ছোট ভাই শাহাদাতকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই আলী হোসেনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পূর্ণ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, “বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন! এমন তুচ্ছ বিষয় থেকে মারামারি বা খুনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। সমাজে এ ধরনের ঘটনা কেউই আশা করে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *