দীর্ঘ প্রতীক্ষার অবসান: মহান্দী-কাশিমনগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন

আব্দুর রশিদ:

দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এবং হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো মহান্দী টু কাশিমনগর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হলেও অবশেষে সেই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি কপিলমুনি ও কাশিমনগর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। হাজরাকাটী, মহান্দী, নলতা, খলিলনগর, পাঁচমাতা—এলাকার মানুষের বিশেষ করে কপিলমুনি বাজারকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা-বাণিজ্যের জন্য এ সড়কটির গুরুত্ব অপরিসীম। এলাকাবাসীর কাছে এটি একমাত্র প্রধান বাণিজ্যিক যোগাযোগ পথ হিসেবে পরিচিত।

আজ সকাল ১০টায় মহান্দী টু কাশিমনগর সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা-কলারোয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গাজী সোজায়েত আলী, মাওলানা আকবর আলী, বিএনপি নেতা শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *