দুর্গোৎসব ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, সবাইকে সতর্ক থাকার আহ্বান

জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এসব ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে—এমন একটি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রাশেদ খাঁন বলেন, সরকারের কাছে বিভিন্ন স্থান থেকে তথ্য রয়েছে যে, দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি চক্রান্তের চেষ্টা হতে পারে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ রাখতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এ সময় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের সমালোচনা করে তিনি বলেন, দেশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কখনো কখনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে প্রচার করা হয়। তাঁর দাবি, এ ধরনের প্রচারণার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *