দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ শামীম হোসেন সিকদার:

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবান জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত অন্যতম সদস্য জসিম উদ্দিন তুষার, লুসাই মং মার্মা, আবিদুর রহমান, শাহাদাত হোসেন জনি, চনুমং, মাওসেতুন তংচংগ্যা, উম্মসিং মার্মা, বাবু রিটল বিশ্বাস, আলমগীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ছরোয়ার জামালসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা ও রাজনৈতিক সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার মাধ্যমে দেশে অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে দেশে অশান্তি ও অস্থিরতা সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”

সমাবেশ থেকে এসব অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় সাম্প্রতিক হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *