দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন সফল উদ্যোক্তা সিনথিয়া

মোঃ আরাফাত হোসেন:

সফল উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজকর্মী সিনথিয়া ভূঁইয়া। আগামী ২৮শে এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অবহেলিত ও প্রান্তিক হিজড়া জনগোষ্ঠীকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিনথিয়া ভূঁইয়া। তিনি একাধারে ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ভূঁইয়া ফ্যাশন’-এর কর্ণধার এবং সেবামূলক সংগঠন ‘আমাদের ভাবনা অ্যাসোসিয়েশন (আভা)’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার এই সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে হিজড়া জনগোষ্ঠীর অসংখ্য সদস্য কারিগরি প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং সম্পূর্ণ স্বাবলম্বী জীবনযাপন করছেন।

সিনথিয়া ভূঁইয়া কেবল নিজের ব্যবসায়িক পরিচিতির মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং তার ‘ভূঁইয়া ফ্যাশন’-কে তিনি হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের একটি প্রধান কেন্দ্রে পরিণত করেছেন। সেখানে তার সরাসরি তত্ত্বাবধানে কাজ শিখে অনেক হিজড়া সদস্য আজ নিজেরাই ছোট-বড় উদ্যোগ পরিচালনা করছেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন করেছেন। আভা’র সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালীন মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক ও মানবিক সহযোগিতা নিশ্চিত করে আসছেন।

প্রান্তিক এই মানুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার মাধ্যমে সিনথিয়া ভূঁইয়া তাদের জীবন থেকে পরনির্ভরশীলতা দূর করে মর্যাদাপূর্ণ জীবনের পথ দেখিয়েছেন। যারা একসময় সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন ছিল, তারা আজ সিনথিয়ার অনুপ্রেরণায় সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। মূলত উদ্যোক্তা হিসেবে তার এই দূরদর্শী নেতৃত্ব এবং প্রান্তিক মানুষের জীবন বদলে দেওয়ার বলিষ্ঠ প্রচেষ্টাকে সম্মান জানাতেই ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন সিনথিয়া ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *