মো. আরাফাত হোসেন (বনি):
সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন পদ্মকুঁড়ি হিজড়া সংঘের প্রেসিডেন্ট আনুড়ি হিজড়া।
গত ২৮ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ আনুষ্ঠানিকভাবে এই ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ এবং অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদ আনুড়ি হিজড়ার হাতে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, বুদ্ধিজীবী ও গুণীজনরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।
অনুষ্ঠানে পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মো. মিজানুল হক মিতু তাঁর বক্তব্যে আনুড়ি হিজড়ার ভূয়সী প্রশংসা করে বলেন, “আনুড়ি হিজড়া আমাদের সংগঠনের প্রাণ। তাঁর এই স্বীকৃতি আমাদের পুরো জনগোষ্ঠীর জন্য গৌরবের। তিনি সব সময় অবহেলিত মানুষের অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেন। এই সম্মাননা তাঁর নিরলস পরিশ্রমের সার্থকতা এবং এটি আমাদের অধিকার আদায়ের লড়াইকে আরও ত্বরান্বিত করবে।”
একই সঙ্গে সংগঠনের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শাওন বলেন, “আনুড়ি হিজড়া কেবল একজন সংগঠক নন, তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। সমাজকল্যাণে তাঁর যে বিশেষ অবদান, ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদানের মাধ্যমে তার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এই স্বীকৃতি তাঁর প্রাপ্য ছিল এবং আমরা বিশ্বাস করি, এই অর্জন তাঁকে ভবিষ্যতে আরও মানবিক কাজ করতে উৎসাহিত করবে।”
পুরস্কার প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনুড়ি হিজড়া বলেন, “যেকোনো সম্মাননা কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। সমাজকল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এই স্বীকৃতির জন্য আমি দৈনিক স্বাধীন সংবাদ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।” তাঁর এই সাফল্যে বিভিন্ন মহলের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।