স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মনির হোসেন।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁকে ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। একইসঙ্গে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদ এর হাতে।
অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সম্মানিত ব্যক্তিদের সামনে সাংবাদিকতার গুণগত মান, পেশাদারিত্ব ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ভূমিকা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের অবদান অপরিসীম এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সম্মাননা প্রদানকে উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সমাজে ইতিবাচক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, বুদ্ধিজীবী ও গুণীজনরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। অতিথিরা সাংবাদিক মোঃ মনির হোসেনের পেশাগত অবদান ও সাংবাদিকতা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শেষে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও অতিথিদের সম্মাননা প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।