দোকানে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ; বরুড়ায় প্রতিকার চেয়ে লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক |
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের অথদিয়া বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী ব্যবসায়ী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ (শনিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে গালিমপুর ইউনিয়নের অথদিয়া বাজারে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন ব্যবসায়ী মো. এমরান হোসেন। এ সময় পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও ভাঙচুর চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানে থাকা কম্পিউটার, মনিটর, সিপিইউ ও প্রিন্টার ভাঙচুর করে। একপর্যায়ে বিকাশ ও নগদ লেনদেনের ব্যবসার জন্য সংরক্ষিত প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজার কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঘটনার কোনো কার্যকর সমাধান না হওয়ায় তিনি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগে মো. জোবায়ের হোসেন ও মো. জামাল হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অর্থ লুট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. এমরান হোসেন বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার ব্যবসার মূলধন লুট হয়ে যাওয়ায় আমি চরম আর্থিক সংকটে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমার ক্ষয়ক্ষতির ন্যায়বিচার চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, বাজার এলাকায় এ ধরনের হামলা ও লুটপাটের অভিযোগ ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *