মাসুদুর রহমান:
ঢাকার ধামরাইয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের স্মরণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় ধামরাইয়ের বালিথা হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এমএস জামান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোশারফ হোসেন মেম্বার, মোতালেব হোসেন ও হাজী সুলতান উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথাও তুলে ধরা হয়।
পরে দেশ, জাতি ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।