Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নড়াইলে অফিস সহকারীর ছুরিকাঘাতে প্রধান শিক্ষক আহত, হাসপাতালে চিকিৎসাধীন - দৈনিক স্বাধীন সংবাদ

নড়াইলে অফিস সহকারীর ছুরিকাঘাতে প্রধান শিক্ষক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে অফিস সহকারী রাকিব হোসেনের ছুরিকাঘাতে আহত হয়েছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উজির আলী।

নড়াইল শহরের কালেক্টরেট বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, রোববার ছিল শিক্ষার্থীদের বেতন পরিশোধের দিন। এ সময় বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে এর কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক নিজের সম্মান রক্ষার্থে কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলে অফিস সহকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। প্রধান শিক্ষকের চিৎকার শুনে অন্য শিক্ষকরা ছুটে এসে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। ছুরিকাঘাতে তার হাত, পাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

এদিকে, ঘটনার পর অফিস সহকারী বিদ্যালয় ত্যাগ করে আত্মগোপন করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *