নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না: আবদুল্লাহ আল জাবের

রাঙামাটি প্রতিনিধি:

নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ঘুম, খুন ও হত্যার যে রাজনীতি করে গেছে, তা নতুন করে শুরু করতে দেওয়া হবে না।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আপনারা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। আর আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার জন্যও মেধা লাগে, সেই মেধা আপনাদের নেই।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে ঘুম, খুন ও হত্যার যে রাজনীতি হয়েছে, তা আর ফিরতে দেওয়া হবে না। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনই প্রতিবাদ গড়ে তুলতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

তৈরি পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলন দমনে তাদের ছাত্রলীগের তকমা দিয়ে মারধর ও গুলি করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের মানুষের বিচার পাওয়ার অধিকার, খাদ্যের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তার অভিযোগ, বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।

সামাজিক ও নাগরিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, একজন রিকশাচালক, ভ্যানচালক কিংবা সিএনজিচালক—প্রত্যেক নাগরিকের সমানভাবে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। প্রত্যেকের পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন এবং চাকরি ও ব্যবসা-বাণিজ্য করার সুযোগ নিশ্চিত করতে হবে।

এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

পথসভায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আদনানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ‘হাদির পাঠশালা’র আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্য কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *