স্বাধীন সংবাদ বিনোদন:
দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘লোকে বলে’।
জানা গেছে, গানটি নির্মিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে। শুক্রবার (২২ মে) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন এই গানের ঘোষণা দেন নুসরাত ফারিয়া। পোস্টে তিনি জানান, ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নতুন গান নিয়ে ফিরছেন এবং এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেত্রী-গায়িকা।
আগামী ২৬ মে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশিত হবে এসভিএফ ও ব্লিং মিউজিকের ব্যানারে।
গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতনামা নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব। এতে আধুনিক ভিজ্যুয়াল ও কোরিওগ্রাফির ছোঁয়া থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল শিল্পী বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর ধীরে ধীরে তিনি উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে তিনি সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন। গানটি প্রকাশের পর ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও তৈরি হয়েছিল।
২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার পঞ্চম একক গান।
এদিকে গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। সম্প্রতি দুবাইয়ে একটি স্টেজ পারফরম্যান্সে অংশ নিয়ে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আসন্ন ঈদে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।