নিজস্ব প্রতিবেদক:
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন সংস্করণের অ্যাপ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব নকশা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি অ্যাপটিতে লেনদেনের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অ্যাপটি আরও উন্নত ও গ্রাহকবান্ধব করার কাজ চলমান থাকবে। ধাপে ধাপে এতে নতুন নতুন সুবিধা যুক্ত করা হবে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নিরবচ্ছিন্নভাবে লেনদেন করতে গ্রাহকদের অ্যাপটি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিয়েছে নগদ।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন অ্যাপে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা এবং কম লোডিং সময়ের পাশাপাশি বহুল ব্যবহৃত ফিচারগুলো আরও সুবিন্যস্ত করা হয়েছে। সহজ নকশার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে প্রযুক্তি ব্যবহারে কম অভ্যস্ত গ্রাহকেরাও সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
নতুন অ্যাপে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং আন্তঃলেনদেনযোগ্য আর্থিক সেবার সুবিধা রয়েছে। এসব সুবিধা দেশের নগদবিহীন লেনদেনব্যবস্থা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া গ্রাহকদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ঋণ, স্থায়ী আমানত ও বিমার মতো আর্থিক সেবা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে নগদ।
নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
নতুন অ্যাপে লেনদেনজনিত প্রতারণার ঝুঁকি কমাতে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ডিভাইস বাইন্ডিং সুবিধা, যার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নগদের দাবি, অ্যাপটিতে বহুস্তরীয় নিরাপত্তাকাঠামোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কার্যক্রম ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্ত করে প্রতিরোধের চেষ্টা করা হবে।
নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। আধুনিক ব্যবহারবান্ধব অভিজ্ঞতার সঙ্গে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা যুক্ত করায় গ্রাহকেরা আরও সহজে ও দ্রুত ডিজিটাল লেনদেন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নগদের লক্ষ্য এমন একটি সেবাব্যবস্থা গড়ে তোলা, যেখানে গ্রাহকেরা একটি অ্যাপ থেকেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও নতুন সেবা ও নিরাপত্তাসুবিধা যুক্ত করা হবে।