অনলাইন ডেস্ক:
নামাজ রবের সঙ্গে বান্দার গভীরতম সম্পর্কের অন্যতম মাধ্যম। দিনের ব্যস্ততা, ক্লান্তি, দুশ্চিন্তা কিংবা দুনিয়াবি কাজ—কোনোটিই একজন সচেতন মুমিনকে নামাজ থেকে দূরে রাখতে পারে না।
নামাজ ফরজ ইবাদত এবং আখিরাতের মুক্তির অন্যতম প্রধান অবলম্বন। তাই মুমিনের হৃদয়ে যখন আল্লাহর মহত্ত্ব ও জবাবদিহির অনুভূতি জাগ্রত থাকে, তখন নামাজ তার কাছে বোঝা মনে হয় না; বরং তা হয়ে ওঠে প্রশান্তির আশ্রয়। বিপরীতে নামাজকে অবহেলা করা, সময় পার করে দেওয়া কিংবা অলসতার কারণে নামাজে গাফিল থাকা মুমিনের জন্য অত্যন্ত বিপজ্জনক।
আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আর যারা নিজেদের নামাজসমূহের হেফাজত করে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৯)
প্রকৃত মুমিনের পরিচয়ের সঙ্গে নামাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে শুধু নামাজ আদায় করে না; বরং নামাজকে গুরুত্ব দেয়, এর সময়ের প্রতি যত্নশীল হয় এবং নামাজে মনোযোগ ও বিনয় অর্জনের চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা নিজেদের নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ২)
কোরআনে আল্লাহ তাআলা নামাজে অলসতার ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কতা দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর যখন তারা নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়।’ (সুরা : নিসা, আয়াত : ১৪২)
এ আয়াতে মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হিসেবে নামাজে অলসতার কথা উল্লেখ করা হয়েছে। তারা বাহ্যিকভাবে নামাজ আদায় করলেও অন্তরে আল্লাহর স্মরণ ও ইবাদতের প্রতি আন্তরিকতা ছিল না।
রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এক ব্যক্তি জানতে চাইলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ এরপর তিনি পিতা-মাতার প্রতি সদাচরণ এবং আল্লাহর পথে জিহাদের কথা উল্লেখ করেন। (সহিহ মুসলিম, হাদিস : ৮৫)
খেয়াল করার বিষয় হলো, রাসুলুল্লাহ (সা.) শুধু ‘নামাজ পড়া’ বলেননি; বরং ‘সময়মতো নামাজ পড়া’-কে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। এতে নামাজের সময়ানুবর্তিতার গুরুত্ব স্পষ্ট হয়।
নামাজ মানুষের চরিত্র ও জীবনকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। যে ব্যক্তি দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায়, নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, তার মধ্যে ধীরে ধীরে আল্লাহভীতি ও আত্মসংযম তৈরি হয়। কেননা নামাজ মুমিনকে পাপ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
অনেক সময় মানুষ পার্থিব কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে পারে, কিন্তু নামাজের কয়েক মিনিটের জন্য সময় বের করতে কষ্ট অনুভব করে। অথচ মুমিনের কাছে বিষয়টি হওয়া উচিত সম্পূর্ণ বিপরীত। জীবনের দুঃসময়, ক্লান্তি ও সংকটেও নামাজ মুমিনের জন্য আল্লাহর সাহায্য লাভের একটি মাধ্যম।
তাই মুমিন যখন বিপদে পড়ে, তখন নামাজ থেকে দূরে সরে যায় না; বরং নামাজের মাধ্যমেই আল্লাহর আরও কাছে ফিরে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৩)
এক. নামাজের গুরুত্ব মনে রাখা: নামাজ আল্লাহর ফরজ বিধান এবং মুমিনের জীবনের প্রধান ইবাদতগুলোর একটি—এই অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখতে হবে।
দুই. আজানকে গুরুত্ব দেওয়া: আজান শোনার পর অপ্রয়োজনীয় কাজ ফেলে নামাজের প্রস্তুতি নেওয়ার অভ্যাস করতে হবে।
তিন. নামাজকে দিনের কাজের কেন্দ্র করা: নামাজের সময় যেন কাজের কারণে নির্ধারিত না হয়; বরং কাজের পরিকল্পনা নামাজের সময়কে কেন্দ্র করে করা উচিত।
চার. ঘুম ও রাতজাগার বিষয়ে সচেতন হওয়া: বিশেষত ফজরের নামাজে অলসতার বড় কারণ অনিয়ন্ত্রিত রাতজাগা। তাই সময়মতো ঘুমানোর অভ্যাস করতে হবে।
পাঁচ. নামাজে মনোযোগ বাড়ানোর চেষ্টা করা: যে ব্যক্তি বুঝে-শুনে কিরাত ও তাসবিহ পড়ে, তার কাছে নামাজের স্বাদ ও গুরুত্ব বৃদ্ধি পায়।
আল্লাহ তাআলা আমাদের নামাজকে ভালোবাসার, সময়মতো আদায় করার, খুশু-খুজুর সঙ্গে পড়ার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন। আমাদের অন্তরকে নামাজের মাধ্যমে জীবন্ত করে দিন এবং নামাজকে আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের নাজাতের মাধ্যম বানিয়ে দিন। আমিন।