মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব এবং জেলা পুলিশের দুটি পৃথক টিম অংশ নেয়।
অভিযান চলাকালে পাসপোর্ট অফিস এলাকায় ঘোরাফেরা ও সেবাপ্রার্থীদের বিভ্রান্ত করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ৭ জন দালালকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), বিল্লাল (৩১), মো. ইউসুফ হোসেন (৩৪), আসলাম (৫৫), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রমাণের ভিত্তিতে আটক ৭ জনের মধ্যে ৪ জনকে ১০ দিন করে এবং বাকি ৩ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, পাসপোর্ট অফিসসহ সরকারি সেবা কেন্দ্রগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—সরকারি নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিজেরাই সেবা গ্রহণ করুন এবং দালালদের কোনো ধরনের সহযোগিতা বা প্ররোচনায় না পড়ুন।
এদিকে, এ অভিযানের পর পাসপোর্ট অফিস এলাকায় সাধারণ সেবাপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।